আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার চীনের শেনঝেন শহরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনের অবকাশে রাশিয়ার অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেছেন।
তিনি বলেছেন, এটা প্রমাণ হয়েছে যে গত বছর ইরানের সঙ্গে আমরা যেসব সমঝোতা ও চুক্তি স্বাক্ষর করেছি সেগুলো অত্যন্ত সহায়ক ও কার্যকর।
এমন এক সময়ে পুতিন এই মন্তব্য করলেন, যখন সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ও মস্কো অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে আসছে এবং দ্বিপক্ষীয় চুক্তিগুলোকে নিজেদের সম্পর্কের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।
চীনের সঙ্গে যৌথ বিনিয়োগ বৃদ্ধির প্রসঙ্গও তুলে ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি এই সহযোগিতার প্রবৃদ্ধিকে উল্লেখযোগ্য বলে বর্ণনা করেছেন। পুতিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা দেশটিকে অর্থনৈতিক ও আন্তর্জাতিক সমীকরণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি।
এপেকের বাণিজ্য সম্মেলনে দেয়া বক্তব্যেও পুতিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের নীতির সমালোচনা করেছেন। তিনি বিচ্ছিন্নতার পরিবর্তে অংশীদারত্ব সম্প্রসারণ এবং চরম শর্ত বা আলটিমেটামের পরিবর্তে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন বলে কথা রয়েছে। বৈঠকের আলোচ্যসূচিতে ইউক্রেন ও ইরানের পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় স্থান পাবে।
Your Comment